Uncategorized

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানা 

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের সব সদস্যকে ৫০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ১৮ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সুপার এইট পর্বে গেলেও সেখানেই ছিটকে যায় পাকিস্তান। ফলে টানা চতুর্থবারের মতো আইসিসির পুরুষ ইভেন্টে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা। যা পাকিস্তানের ইতিহাসে প্রথম। 

ক্রিকইনফোর খবরে জানা গেছে, এই জরিমানা শৃঙ্খলাভঙ্গের কারণে নয়। বরং টুর্নামেন্টে ‘দুর্বল পারফরম্যান্স’-এর কারণেই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। মূলত গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের পরই জরিমানার সিদ্ধান্ত জানানো হয়। ওই ম্যাচে একপেশে লড়াইয়ে ৬১ রানে হেরে যায় পাকিস্তান। খেলোয়াড়দের জানানো হয়েছিল, দল সেমিফাইনালে উঠতে পারলে জরিমানা প্রত্যাহার করা হতে পারে।

পাকিস্তান দ্বিতীয় পর্বে উঠতে সক্ষম হলে টানা তৃতীয়বারের মতো প্রথম রাউন্ড থেকে বিদায়ের লজ্জা এড়াতে পেরেছে। তবে সুপার এইটে গিয়ে বিপাকে পড়ে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরেছে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয়ে সমীকরণ আরও জটিল হয়ে পড়ে। শেষ চারে যেতে হলে অন্যান্য ফলের ওপর নির্ভর করার পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হতো পাকিস্তানকে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তাদের জয় ছিল খুবই অল্প ব্যবধানে। যা সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে যথেষ্ট ছিল না। 

অতীতেও খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা গেছে পিসিবিকে। সেসবকে অবশ্য শৃঙ্খলাজনিত কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তবে এবারের টুর্নামেন্টে দলের ভেতরে শৃঙ্খলাভঙ্গের ঘটনা ছিল না বলেই জানা গেছে। কেবল মাঠের পারফরম্যান্সের মান নিয়েই এই জরিমানা আরোপ করা হয়েছে। যে কারণে পিসিবির এমন সিদ্ধান্তকে বিরল, এমনকি নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button