খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তে মারা গেছেন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তে মারা গেছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শনিবার খামেনির কার্যালয়ে মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে তিনি কোমায় ছিলেন।
মৃত্যুকালে মানসুরেহ খোজাস্তের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি আলি খামেনির একমাত্র স্ত্রী ছিলেন। ১৯৬৪ সালে তাদের বিয়ে হয়।
এদিকে গত ৪৮ ঘণ্টায় ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত ১৭১ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। একটি মানবাধিকার সংস্থা ও দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে মিনাব শহরের শাজারেহ তাইয়েবাহ বালিকা প্রাথমিক বিদ্যালয়। সেখানে ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৯৫ জন।
এ ছাড়া রাজধানী তেহরানে দুইজন এবং কাজভিন প্রদেশের আবইয়েক এলাকায় ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। তেহরানের দুটি আলাদা জেলায় হামলায় আরও তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: এপি



