জুলাই আন্দোলনে শহীদ ইউসুফের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনে প্রাণ হারানো ইউসুফের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সোমবার (২ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় শহীদ ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ‘ঠাণ্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহিদ পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয় না কেউ’ শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ পায়। বিষয়টি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শহীদ ইউসুফের পরিবারের কাছে যায় প্রতিনিধি দলটি।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদাত হোসেন।
প্রতিনিধি দলটি শহীদ ইউসুফের মা সাথী ইসলামের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার সন্তানের মর্যাদা রক্ষার্থে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থার আশ্বাস দেন।



