Uncategorized

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে হাতুড়ি-রড দিয়ে পেটালেন যুবদলের নেতাকর্মী

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদলের এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন প্রেসক্লাব ভবনে এ ঘটনা ঘটে।

আহত সামিউল দৈনিক সমকাল পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় একটি কলেজের সহকারী অধ্যাপক। আটক দুজন হলেন- শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান ও বিএনপির সমর্থক আবদুর রহিম।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানান, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলামসহ ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। তাকে মারধর করতে করতে ভবনের বাইরে নেওয়া হয়। সেখানে ইট, হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি আহত হন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সামিউলকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন জানান, সামিউলের মাথার বাঁ পাশে শক্ত বস্তু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।’

স্থানীয় সাংবাদিকরা জানান, গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক সমকালে প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সামিউল মনির বিভিন্নভাবে হুমকি পাচ্ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করে উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম বলেন, গতকাল এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার জেরে আজ প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলছিল। এ সময় সামিউল মনির তাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তার ওপর হামলা চালানো হয়।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button