রিয়াদে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা

সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রিয়াদের আকাশে তিনটি ড্রোন ভূপাতিত করেছে।
এর আগে রবিবার সকালেই মন্ত্রণালয় জানিয়েছিল, রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে আসা একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই এলাকায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিদেশি দূতাবাস অবস্থিত।
অন্য একটি ড্রোন দেশটির বিশাল মরুভূমি এমপ্টি কোয়ার্টার–এ ধ্বংস করা হয়। ড্রোনটি শায়বাহ তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় রিয়াদগামী বেশ কিছু ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা সেগুলো যেখান থেকে ছেড়ে এসেছিল সেখানেই ফিরে গেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে হওয়া এই ড্রোন হামলার জবাবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
সূত্র: এপি



