পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরানের হুঁশিয়ারি

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনও যুদ্ধজাহাজ প্রবেশ করলে সেটিকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র এই হুমকি দিয়েছেন। ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তার দেশের নৌবাহিনী খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোকে পাহারা দেওয়া শুরু করবে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ ও বেপরোয়া অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। তার অভিযোগ, ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
আরাঘচি জানান, এই হামলার ফলে ওই অঞ্চলের অন্তত ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘ইরানের অবকাঠামোতে হামলা চালানো একটি বিপজ্জনক পদক্ষেপ, যার পরিণতি হবে ভয়াবহ। এই সংঘাতের পথ যুক্তরাষ্ট্রই তৈরি করেছে, ইরান নয়।’



