Uncategorized

বিসিবির নির্বাচন নিয়ে তদন্তের দাবিতে তামিম

অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত বছর হওয়া নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছিলেন তামিম ইকবাল। এবার ঢাকার ক্রিকেট ক্লাব সংগঠকদের একটি অংশ সাবেক অধিনায়কের সমর্থনে এই নির্বাচনি প্রক্রিয়া নিয়ে তদন্তের দাবিতে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে। তাদের অভিযোগ, নির্বাচনে স্বচ্ছতা ছিল না।

রবিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দেওয়া চিঠিতে একটি স্বাধীন কমিটির মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়ার তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।

তামিম ইকবাল দাবি করেছেন, রাজধানীর ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব তদন্তের দাবির সঙ্গে একমত হয়েছে। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি এই দাবিকে সমর্থন করছে।’ 

গত বিসিবি নির্বাচনে তামিম ইকবাল প্রথমে ওল্ড ডিওএইচএসের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। পরে নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রার্থিতা প্রত্যাহার করেন।

ক্লাব ক্যাটাগরি থেকে আরও নয়জন প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাদের অভিযোগ ছিল, জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে অনিয়ম হয়েছে।

সাবেক বিসিবি পরিচালক ফাহিম সিনহা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছি। সেই কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধিও থাকতে পারেন।’

তাদের দাবিতে পুরো বোর্ড ভেঙে দেওয়ার ইঙ্গিত আছে কি না—এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘সেটা সময়ই বলে দেবে। আমরা মনে করেছি সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আবেদন জমা দেওয়া গুরুত্বপূর্ণ, এবং আমরা সেটিই করেছি।’

ঢাকার কয়েকটি ক্লাব ও বর্তমান বিসিবি নেতৃত্বের মধ্যে চলমান বিরোধের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ক্লাব বিসিবিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ঘরোয়া প্রতিযোগিতা বর্জন করেছে। যার প্রভাব রাজধানীর স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টগুলোতেও পড়েছে। প্রথম বিভাগ লিগে ২০ দলের মধ্যে মাত্র ১২টি দল অংশ নেয়। আর দ্বিতীয় বিভাগ লিগ অনুষ্ঠিত হয় নিবন্ধিত ২৪টি ক্লাবের মধ্যে মাত্র ১২টি নিয়ে।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button