আকুর দায় পরিশোধ ১.৩৭ বিলিয়ন ডলার, রিজার্ভ নামলো ৩০ বিলিয়নের নিচে

দেশের আমদানি দায় মেটাতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থ পরিশোধের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।
রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আরিফ হোসেন খান জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানির বিপরীতে জমা হওয়া আকুর দায় পরিশোধ করা হয়েছে। এ পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আঞ্চলিক বাণিজ্য নিষ্পত্তির জন্য গঠিত বহুপাক্ষিক পেমেন্ট ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রফতানি লেনদেনের হিসাব প্রতি দুই মাস অন্তর সমন্বয় করা হয়। সেই অনুযায়ী বাংলাদেশও নির্ধারিত সময়ে আকুর বিল পরিশোধ করে থাকে।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে দক্ষিণ ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন সহজভাবে নিষ্পত্তি করা হয়। বর্তমানে এই ব্যবস্থার সদস্য দেশ হলো— বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এসব দেশের কেন্দ্রীয় ব্যাংক বহুপাক্ষিক এই নিষ্পত্তি ব্যবস্থায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, আকুর বিল পরিশোধের কারণে প্রায় প্রতি দুই মাস অন্তর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িক চাপ সৃষ্টি হয়। তবে পরবর্তী সময়ে রফতানি আয়, রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক ঋণসহ বিভিন্ন উৎস থেকে ডলার প্রবাহ বাড়লে রিজার্ভ আবারও পুনরুদ্ধার হয়।



