নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করেছে দলটি।
রবিবার (৮ মার্চ) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এই শোকজ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৮ মার্চ সকালে আপনি দলের অনুমতি না নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এতে দলের সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কাজ করেছেন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে সকালে বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। আবেদনে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এ আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন।
শুধু তাই নয়, নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি প্রদান করছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মানহানি, ভয়ভীতি দেখানো ও অবমাননার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম (আমীর) জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছে।



