জামিনের পর আদালত প্রাঙ্গণ থেকে আ.লীগ নেতা আটক

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করেছে ডিবি। জামিন পাওয়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।
রবিবার (৮ মার্চ) দুপুরে তিনি একটি মামলায় আত্মসমর্পণ করে লালমনিরহাট আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বের হওয়ার পর সন্ধ্যার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
মেহেদি হাসানকে আবার কোন মামলায় আটক করা হলো তা পুলিশের কোনও পক্ষ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
কোর্ট পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, একটি মামলায় জামিন লাভের পর তাকে পুনরায় আটক করা হয়।
জেলা ডিবির ওসি সাদ আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, আপাতত জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।



