তিন পরিবর্তন নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান অনেক। উজবেকিস্তান ৪৯ ও বাংলাদেশ আছে ১১২তম স্থানে। ব্যবধান বড় থাকলেও শেষ আটের স্বপ্ন নিয়ে একটু পর নারী এশিয়ান কাপ ফুটবলে পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে নামতে যাচ্ছে ঋতুপর্ণারা। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে খেলতে নামছে পিটার বাটলারের দল।
বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমার আর গ্রুপ পর্বে খেলা হলো না।। টানা তিন ম্যাচেই দীর্ঘদেহী মিলি আক্তারের ওপর ভরসা রেখেছেন বাটলার৷
ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম গত ম্যাচে একাদশের বাইরে ছিলেন। আজ আইরিন খাতুনের পরিবর্তে একাদশে ফিরেছেন তিনি। বিরতি দিয়ে উমহেলা মারমাও ফিরেছেন। সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী গত দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন। গত ম্যাচে শুরুর একাদশে থাকা শামসুন্নাহার জুনিয়র ও নবীরন খাতুনের আজ ঠাঁই হয়নি।
বাংলাদেশ প্রথম ম্যাচে প্রথাগত স্ট্রাইকার ছাড়াই নেমেছিল। আজকের ম্যাচটিতে কোচ আক্রমণভাগে শক্তি বাড়িয়েছেন। তহুরা খাতুনকে রেখেছেন দলে।
টুর্নামেন্টে তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি দল কোয়ার্টার-ফাইনালে খেলার সুযোগ পাবে। ‘বি’ গ্রুপ থেকে এরই মধ্যে সেরা আটে খেলা নিশ্চিত করেছে চীন ও উত্তর কোরিয়া। উজবেকিস্তান ও বাংলাদেশ কেউই পারেনি পয়েন্টের খাতা খুলতে। তবে গোল পার্থক্যে উজবেকিস্তান তৃতীয় এবং বাংলাদেশ আছে গ্রুপের তলানিতে। তৃতীয় হওয়া দলের মধ্যে সেরা দুইয়ে থাকতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এরপর অপেক্ষায় থাকতে হবে অন্য গ্রুপের ফলের দিকে। বাংলাদেশ নামতে যাচ্ছে জয়ের মিশন নিয়েই।
বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলকিপার), আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র , শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা,আনিকা ও উমহেলা মারমা।



