আইজিপির সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের প্রধান এইচই মি. রজার ক্লেটন।
সাক্ষাতে নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন প্রতিনিধিদলপ্রধান।
তিনি বলেন, পুলিশের নির্বাচনি প্রশিক্ষণ, দায়িত্ব পালনকালে বডিওর্ন ক্যামেরার ব্যবহার এবং নিরাপত্তা দায়িত্বসংক্রান্ত পকেট বুক কার্যকর ভূমিকা রেখেছে। এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পক্ষ থেকে আইজিপির কাছে একটি প্রশংসাপত্র হস্তান্তর করেন।
আইজিপি বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি জানান, বিভিন্ন দেশ, সংস্থা ও প্রতিষ্ঠান থেকে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেন।



