ইরানে হামলার ‘ইসরায়েলি খবর’ নাকচ করলো আমিরাত

ইরানের একটি পানি শোধনগারে বিমান হামলায় সংযুক্ত আরব আমিরাত অংশ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে যে দাবি করা হয়েছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আবুধাবি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে আসা হামলার মুখে দেশটি ‘আত্মরক্ষামূলক অবস্থানে’ রয়েছে, তবে তারা কোনও সংঘাত বা উত্তেজনা বৃদ্ধির সঙ্গে জড়াতে চায় না। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বেশ কিছু ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছিল যে, ইরানে একটি পানি শোধনগারে হামলার পেছনে আমিরাত জড়িত। এই প্রতিবেদনগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ফেক নিউজ হিসেবে অভিহিত করেছেন আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ড. আলি রশিদ আল নুয়াইমি। তিনি বলেন, আমরা কোনও পদক্ষেপ নিলে তা ঘোষণা করার সাহস আমাদের আছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্টকে বলেন, ইসরায়েলি এই ধরনের আচরণের উদ্দেশ্য বোঝা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। তিনি ইসরায়েলি সূত্রের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ তুলে বলেন, কোনও তথাকথিত ইসরায়েলি সিনিয়র সোর্স আমাদের পক্ষ হয়ে কথা বলা বা একটি সার্বভৌম রাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে গুজব ছড়ানো মোটেও সমীচীন নয়।
গত সপ্তাহে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সংবাদমাধ্যমে আরব দেশগুলোকে নিয়ে এমন বেশ কিছু খবর প্রকাশ করেছে যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। গত সপ্তাহে কাতারের পক্ষ থেকে ইরানে হামলার একটি খবর প্রচার করা হলেও দোহা তা দ্রুত প্রত্যাখ্যান করে। এছাড়া সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও বিভিন্ন সময়ে ভুয়া খবর প্রচার করা হয়েছে।



