চার বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

বেসরকারি খাতের চারটি ব্যাংকের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলো হলো— ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফএসসি ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে নিযুক্ত কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ বিভাগের পরিচালক মুনির আহমেদ চৌধুরী। আল-আরাফাহ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে।
এছাড়া প্রিমিয়ার ব্যাংকে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির এবং আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামানকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন। এর মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালন কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক অবস্থার ওপর সরাসরি নজরদারি জোরদার হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


