ঈদ উপলক্ষে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ডিজিটাল লেনদেন সেবাগুলো নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ উপলক্ষে গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনের চাপ বাড়তে পারে। তাই সব এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে এবং বুথগুলো সার্বক্ষণিক সচল রাখতে হবে। কোনও কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বুথগুলোর নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় নিরাপত্তাকর্মী নিয়োজিত রাখার কথাও বলা হয়েছে।
গ্রাহকদের লেনদেন সুবিধা নিশ্চিত করতে পয়েন্ট অব সেল (পিওএস) সেবাও সচল রাখতে হবে। পাশাপাশি জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করতে ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
ই-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেন এবং অ্যাকাউন্টভিত্তিক অনলাইন লেনদেনে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক নির্দেশনায় আরও বলেছে, গ্রাহকের যেকোনও অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে জানাতে হবে, যাতে লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।



