Uncategorized

সড়কবাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীন ‘প্রভাতী’ প্রকল্পের বাজার উন্নয়নকাজের সড়কবাতি সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে ইউনিয়নের ঘোগাদহ বাজারে এ ঘটনা ঘটে। ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুজন হলেন- বিদ্যুৎ শ্রমিক মিজানুর রহমান মিজান (৪৫) ও স্থানীয় বাসিন্দা উমেদ আলী (৩৬)। মিজানের বাড়ি জেলা সদরের হলোখানা ইউনিয়নের মদাজালছাড়া গ্রামে। তার বাবার নাম মজিবর রহমান। আর উমেদ আলী ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চর গ্রামের আদর আলীর ছেলে। উমেদ আলী বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন বলে জানা গেছে। এ ছাড়াও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন প্রভাতী প্রকল্পের সুফলভোগী সদস্য বাবলু মিয়া এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সেকেন্দার। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান আব্দুল মালেক জানান, প্রভাতী প্রকল্পের বাজার উন্নয়নকাজের অধীন সড়ক বাতি স্থাপন কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। বাতি স্থাপনের জন্য লোহার বৈদ্যুতিক খুঁটি স্থাপনের সময় পাশে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের সঙ্গে ওই খুঁটির স্পর্শ লাগে। এতে শ্রমিক মিজান বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে অপর তিন জনও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মিজান ও উমেদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস বলেন, ‘দুজনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। কারও গাফিলতি থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button