লেবানন প্রবাসীদের জন্য দূতাবাসের বার্তা

লেবাননে ইসরাইলি আগ্রাসনের ফলে তৈরি হওয়া উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির সামগ্রিক বিষয়ে প্রবাসীদের জানিয়েছেন বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দুতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি জানান, এখন পর্যন্ত লেবাননে কোনও বাংলাদেশির মৃত্যু এবং হতাহতের ঘটনা ঘটেনি।
মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ন্যায় বিশেষ করে লেবাননের সঙ্গে ইসরাইলের যেই যুদ্ধাবস্থা বিরাজমান এখানে পরিস্থিতি দিন দিন যুদ্ধের মাত্রা এবং তীব্রতা বেড়েই চলেছে। এ ধরনের পরিস্থিতিতে আমরা আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যেই তাদের করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ এবং সতর্কবার্তা জারি করেছি। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা যেন একটা নিরাপদ আশ্রয়ে যেতে পারেন, সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়াও তাদের যে কর্মস্থল এবং তাদের যে আবাসস্থল সেখানে আক্রমণের সম্ভাবনা থাকলে সেই সতর্কতার বার্তাগুলো আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানকার স্থানীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এবং আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা যারা তুলনামূলকভাবে একটু নিরাপদ জায়গায় আছেন— তাদের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা ইতোমধ্যে আবাসস্থল অথবা কর্মস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি। তাদেরকে বিভিন্ন জায়গাতে নিরাপদ জায়গায় থাকার ব্যাপারে সহায়তা করছি, পরামর্শ দিচ্ছি। এছাড়াও বিভিন্ন এনজিওগুলো কাজ করছে তাদের সঙ্গে আমরা সমন্বয় করছি।
তিনি জানান, একটা ভালো খবর হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের কোনও বাংলাদেশি লেবাননের এই যুদ্ধাবস্থায় কোনও ধরনের হতাহতের শিকার হননি। এখনও সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অবশ্য তারা তাদের বিভিন্ন বাসস্থান থেকে বিভিন্ন অন্যত্র নিরাপদ জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। তাদের খাবার কিংবা তাদের ঔষধ সামগ্রী কিংবা এখন যেহেতু এখানকার শীতকাল চলছে বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিসপত্র তাদের কম্বল বা অন্যান্য বিষয়ে আমরা খোঁজখবর রাখছি, প্রয়োজনে সহযোগিতা করছি। যেখানে যার যেটুকু প্রয়োজন সেই সহযোগিতাটা করছি। বাংলাদেশ দূতাবাস এই ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। আমাদের হটলাইন নাম্বার, হেল্পলাইন নাম্বার আমাদের এর ফেসবুক পেইজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন মাধ্যমে এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন তাদেরকে আমরা এই ব্যাপারে তাদের সহযোগিতা পাচ্ছি, তাদের সঙ্গে সমন্বয় করছি।
দূতাবাস প্রধান বলেন, “আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি এবং লেবাননের বৈরুতসহ দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চলে আক্রমণগুলো হচ্ছে এবং বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়ে তারপর বুজ আল বারাজনে, হাদাস হাইসুলুম, এসব এলাকায় আমাদের বেশকিছু প্রবাসী বাংলাদেশি বসবাস করতেন। তারা ইতোমধ্যে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। ওইসব জায়গাগুলোতে নিয়মিত আক্রমণ হচ্ছে। বিভিন্ন ধরনের বিল্ডিং ধসিয়ে দেওয়া হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। এটি একধরনের বিশেষ পরিস্থিতি। এখানে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হচ্ছে। আমাদের জনগণ এই ব্যাপারে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন এখানে তারা সতর্কতার সাথেই থাকছেন, তুলনামূলকভাবে নিরাপদ জায়গায়। তারা ইতোমধ্যে আশ্রয় গ্রহণ করছেন, আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।”
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “পরিস্থিতির উন্নতি হবে, সে প্রত্যাশা আমরা করছি। এর আগ পর্যন্ত সবাইকে সতর্কতার সঙ্গে বিশেষ করে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার জন্য আমরা বারবারই অনুরোধ জানাচ্ছি এবং তাদের যেকোনও প্রয়োজন হলে আমাদের হটলাইন নাম্বার, হেল্পলাইন নাম্বার, ফেসবুক পেজ এগুলোতে তারা যোগাযোগ করবেন। আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন আছে তারাও তাদের কাছে যাচ্ছেন। আমরাও নিয়মিতই বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করছি, তাদের খাবার প্রয়োজন হলে কিংবা অন্যান্য কোনও প্রয়োজন হলে আমরা সেটা তাৎক্ষণিকভাবে দেখছি এবং সেই অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি।”



