সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ সফর বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) ও অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম এবং পরিচালক লিজা ফাহমিদার সিঙ্গাপুর সফর বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের নাম ৯ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল থেকে প্রত্যাহার করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নথি অনুযায়ী, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা ও অতিরিক্ত পরিচালক কামরুল ইসলামসহ ৯ জন কর্মকর্তা ৯ থেকে ১১ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘স্ট্র্যাটেজিক থিংকিং অ্যান্ড ডিসিশন মেকিং ফর সেন্ট্রাল ব্যাংক লিডার্স’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। এ সফরের অনুমোদন গত ১০ ফেব্রুয়ারি দেয় বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ–২।
তবে কর্মসূচি শুরুর মাত্র একদিন আগে গত ৮ মার্চ তাদের নাম প্রতিনিধিদল থেকে প্রত্যাহার করে নতুন অফিস আদেশ জারি করা হয়। মানবসম্পদ বিভাগ–২-এর পরিচালক নাসিমা সুলতানার সই করা ওই আদেশে সফর থেকে তাদের নাম বাদ দেওয়ার বিষয়টি জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিজা ফাহমিদা ও কামরুল ইসলাম সাবেক গভর্নরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তাদের দাবি, সফরের মূল কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও কামরুল ইসলামের নাম প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল হওয়ার পর একই দিন কামরুল ইসলামকে প্রধান কার্যালয়ের গভর্নর শাখা থেকে তড়িঘড়ি করে সদরঘাট কার্যালয়ে বদলি করা হয়। এরপরই তাদের বিদেশ সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে প্রতিনিধিদলের অন্য সদস্যরা ইতোমধ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নিতে সেখানে অবস্থান করছেন।



