Uncategorized

জেলি-সয়াবিন তেল-সোডা মিশিয়ে দুধ তৈরি, আটক ৬

যশোরের কেশবপুরে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ভেজাল দুধ উৎপাদনকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে জেলি, সয়াবিন তেল এবং সোডা মিশ্রিত করে বিষাক্ত ভেজাল দুধ তৈরি করে আসছিল। 

​গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এ সময় র‍্যাব-৬ ক্যাম্প কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স ও যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক  সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন। 

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ‘গোপনে দীর্ঘদিন ধরে চক্রটি গরুর দুধের সঙ্গে জেলি, সোডা ও তেল মিশিয়ে দুধের পরিমাণ বৃদ্ধি করে এলাকায় বিক্রি করতো। সোমবার অভিযান চালিয়ে ভেজাল দুধের সত্যতা পাওয়া যায়। ভেজাল দুধ উৎপাদন ও সরবারহ করার দায়ে কারখানার মালিক অরুপ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, মিলন ঘোষ ও স্বপন ঘোষকে এক লাখ টাকা করে জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বয়স বিবেচনা করে কারখানাটির কর্মচারী পার্থ ঘোষকে তিন মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালীন কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি, তেল, সোডা এবং ভেজাল দুধ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত এসব ক্ষতিকারক উপকরণ ধংস করা হয়েছে। আটককৃতদের সাজা দেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন আরও বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরণের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। দুধে জেলি ও রাসায়নিক মিশিয়ে যারা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে।’




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button