নেপালের নাগরিকদের গণতান্ত্রিক অভিযাত্রায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

শান্তিপূর্ণ ভোট উৎসব শেষে নতুন সরকারের অপেক্ষায় নেপাল। প্রতিবেশী দেশটির নাগরিকদের গণতান্ত্রিক এই অভিযাত্রাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান লেখেন, “৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার এবং জনগণকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন দেশটির জনগণের আকাঙ্ক্ষা এবং স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে প্রতিফলিত করে।” প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন আগামীতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ভালো হবে।
তিনি লেখেন, “বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন সরকার নেপালের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে।”
প্রসঙ্গত, গত ২০২৫ সালে দেশটিতে জেন-জি অভ্যুত্থানে সরকার পতনের পর গত বৃহস্পতিবার (৫ মার্চ) প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষোভ, হতাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই এদিন ভোটকেন্দ্রে যান দেশটির লাখো ভোটার।
নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার। ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের জন্য, যেখানে ১৬৫ আসন সরাসরি ভোটে এবং ১১০ আসন পার্টি তালিকার মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১১০ আসনে এগিয়ে আছে। দলটি বড় জয় নিয়ে সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।



