Uncategorized

ইরান যুদ্ধের ‘এক্সিট প্ল্যান’ দিতে ট্রাম্পকে পরামর্শ সহযোগীদের, অস্বীকার হোয়াইট হাউসের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকজন উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে ইরান যুদ্ধের একটি ‘এক্সিট প্ল্যান’ বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা জনসমক্ষে প্রকাশের আহ্বান জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে হোয়াইট হাউস এই প্রতিবেদনের দাবি জোরালোভাবে অস্বীকার করেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্পের সহযোগীরা চাইছেন তিনি যেন দেশবাসীকে বোঝান যে, মার্কিন সামরিক বাহিনী এই যুদ্ধে তাদের লক্ষ্যগুলো মূলত অর্জন করে ফেলেছে। সাধারণত এই যুদ্ধের লক্ষ্য হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নৌবাহিনী ধ্বংস করা, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বন্ধ করা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথা বলা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনকে নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, এই প্রতিবেদনটি বেনামী সূত্রের দেওয়া আজেবাজে তথ্যে ভরা। আমি নিশ্চিত করতে পারি যে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একই কক্ষে বসার যোগ্যতা রাখেন না।

লেভিট আরও জানান, প্রেসিডেন্টের শীর্ষ সহযোগীরা সার্বক্ষণিকভাবে অপারেশন এপিক ফিউরির সাফল্য নিশ্চিত করতে কাজ করছেন। এই অভিযান কখন শেষ হবে, তা শেষ পর্যন্ত কমান্ডারইনচিফ (প্রেসিডেন্ট) নির্ধারণ করবেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের কিছু উপদেষ্টা সতর্ক করেছেন যে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার জনসমর্থনে ভাটা পড়তে পারে। বর্তমানে রিপাবলিকানরা এই অভিযানের পক্ষে থাকলেও আসন্ন মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধের প্রভাব নিয়ে দলের ভেতরেই উদ্বেগ রয়েছে।

জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের মধ্যে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরতে সহযোগীরা আরও আগ্রাসী প্রচারণার প্রয়োজনীয়তা অনুভব করছেন। জনমত জরিপ বলছে, সামান্য ব্যবধানে হলেও অধিকাংশ আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে, যদিও এই বিরোধ মূলত দলীয় অবস্থানের ভিত্তিতে বিভক্ত।

পরামর্শদাতাদের উদ্বেগ সত্ত্বেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যতক্ষণ পর্যন্ত আঞ্চলিক দেশগুলোতে আক্রমণ চালিয়ে যাবে এবং ইসরায়েল যতক্ষণ ইরানে হামলা অব্যাহত রাখতে চাইবে, ততক্ষণ এই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কম।

ওয়াল স্ট্রিট জার্নালকে একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, সন্তোষজনক বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রাম্প লড়াই বন্ধ করবেন না। বিশেষ করে যখন সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলার মুখেও ইরান কেন এখনও আত্মসমর্পণ করেনি, তা নিয়ে ট্রাম্প নিজেও অবাক হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button