ঈদে নতুন পোশাক কি জরুরি?

বছর ঘুরে আমাদের মাঝে আবার আবারও হাজির হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুসলমানের জাতীয় উৎসব। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে ইরশাদ করেছেন, ‘সকল জাতির নিজস্ব উৎসব আছে, ঈদ হলো আমাদের উৎসব।’ (বুখারি শরিফ)
ঈদকে কেন্দ্র করে আমাদের অনেকের মধ্যে একটি বিষয় বেশ প্রভাব ফেলে, সেটি হলো- এ উপলক্ষে নতুন জামাকাপড় কেনা ও পরিধান করা। কিন্তু, ঈদ যেহেতু মুসলমানদের জন্য ইসলামের দেওয়া একটি উৎসব, সেহেতু ইসলামি দৃষ্টিকোণ থেকে ঈদে জামাকাপড় পরিধানের হুকুম কী, এটি জানা দরকার।
এ প্রসঙ্গে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরি (রহ.)-এর ফতোয়ায় বলা হয়েছে, ‘ঈদের দিন নিজের কাছে যে কাপড়গুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব- সে পোশাক নতুন হোক বা ধোয়া পরিষ্কারই হোক।’
ওই ফতোয়ায় আরও বলা হয়েছে যে, ‘রাসুলুল্লাহ (সা.) ঈদ ও জুমার দিনে নিজের কাছে থাকা পোশাকগুলোর মধ্যে সবচেয়ে ভালো পোশাক পরিধান করতেন। তাই ঈদের দিনে নতুন কাপড় পরা জায়েজ হলেও সুন্নত আদায়ের জন্য বিশেষভাবে নতুন কাপড় কিনে বা বানিয়ে পরা আবশ্যক নয়। বরং, নিজের কাছে যে পোশাকগুলো আছে, সেগুলোর মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে ভালো পোশাকটি ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় পরিধান করলেও সুন্নত আদায় হয়ে যাবে।’
তবে ঈদের আনন্দ ও আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সামর্থ্য থাকলে ঈদের জন্য নতুন পোশাক তৈরি করা উত্তম বলে জানানো হয়েছে ওই ফতোয়ায়। (ফতোয়া নম্বর: ১৪৪১০৯২০১৭০০) এমন পরিস্থিতিতে প্রতিবেশীর প্রতিও খেয়াল রাখা দরকার যে, তারা নতুন পোশাক কিনতে পারছে কি না? কারণ, ঈদের খুশি সবার সঙ্গে ভাগাভাগি করাও প্রকৃত মুমিনের পরিচয়।
জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মতো অভিন্ন ফতোয়া দিয়েছে উপমহাদেশের অন্যতম প্রাচীন ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দও। প্রতিষ্ঠানটির কাছে একজন জানতে চেয়েছেন যে, ‘কোনও হাদিস দ্বারা কি প্রমাণিত আছে যে, ঈদের দিনে যে নতুন কাপড় পরা হয় তার জন্য আখিরাতে কোনও হিসাব হবে না?’
এর উত্তরে দেওবন্দের ফতোয়ায় বলা হয়েছে, ‘ঈদের দিনে পরা নতুন কাপড়ের জন্য আখিরাতে কোনও হিসাব হবে না’- এ মর্মে কোনও হাদিস আমরা পাইনি। তবে ঈদের দিনে নতুন কাপড় বা নিজের কাছে থাকা কাপড়গুলোর মধ্যে ভালো কাপড় পরিধান করা মুস্তাহাব। যদি আল্লাহ কাউকে সামর্থ্য দিয়ে থাকেন, তাহলে ঈদের দিনে নতুন কাপড় পরিধান করতে কোনও অসুবিধা নেই; বরং তা মুস্তাহাব।
ওই ফতোয়ায় আরও বলা হয়, তবে সবকিছুর ক্ষেত্রেই মধ্যপন্থা ও সংযম বজায় রাখা জরুরি। পোশাকের ক্ষেত্রে অহংকার, গর্ব বা লোকদেখানো মনোভাব থেকে বিরত থাকা প্রয়োজন। ঈদের দিনে নতুন কাপড় পরার সময় এই নিয়ত থাকা উচিত যে, শরিয়তে এই দিনে উত্তম পোশাক পরিধানের শিক্ষা দেওয়া হয়েছে। (ফতোয়া নম্বর : ৬৮০৬৯)
লেখক : গণমাধ্যমকর্মী ও মাদ্রাসাশিক্ষক



