যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর সনিরআখড়া গোবিন্দপুর এলাকায় নিজ বাসা থেকে মোশাহিদ (২১) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সৎ মা, শ্বশুর-শাশুড়ি ও তাদের লোকজন মারধর করায় তার মৃত্যু হয়েছে।
নিহত মোশাহিদ কিশোরগঞ্জ জেলার মিঠাগাঁও ভেলাগাঁও গ্রামের আয়নাল হকের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর সনিরআখড়া গোবিন্দপুর এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (১০ মার্চ) পুলিশ জানায়, সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জুয়েল সোমবার (৯ মার্চ)) রাত প্রায় ১০টার দিকে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা আয়নাল হক অভিযোগ করে বলেন, তারা পেশায় মাছ ব্যবসায়ী। তার দ্বিতীয় স্ত্রী শাহনাজ মোশাহিদের সৎ মা। প্রায় সাত মাস আগে তিনি সাদিয়া নামে এক মেয়ের সঙ্গে মোশাহিদের বিয়ে দেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে অশান্তি চলছিল।
তিনি আরও বলেন, দুই দিন আগে মোশাহিদের সৎ মা শাহনাজ, শাশুড়ি রাজিয়া, খালা শাশুড়ি হারিছা, শ্বশুর ফজলুল হকসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন।
আয়নাল হক বলেন, “সোমবার সন্ধ্যায় আমি ছেলেকে বাসায় রেখে ব্যবসার কাজে বাইরে যাই। প্রায় এক ঘণ্টা পর খবর পাই, আমার ছেলে মারা গেছে।” তিনি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।
এসআই মো. মহিউদ্দিন জুয়েল বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”



