সাংবাদিককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. ফয়সাল আহমেদ নামে বাংলা টিভির এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের তথ্য সংগ্রহ শেষে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে বলা হয়, সাংবাদিক ফয়সাল ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানের সংবাদ কাভার করে বাড়ি ফেরার পথে যুবদল নেতা আতিকুর রহমান লিটন তাকে মারধর করেন। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং ভয়ভীতি দেখান। একপর্যায়ে ভবিষ্যতে তথ্য সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছি। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন বলেন, ‘সাংবাদিক ফয়সাল আওয়ামী লীগের দোসর। সে আমার ফ্যামিলির বিষয় নিয়ে রিপোর্টিং করার নামে বিরক্ত করেছে। নতুন সাংবাদিক হয়েছে। এসব বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে। তখন হাতাহাতি হয়।’
এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘সাংবাদিকের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’



