Uncategorized

ব্যাংক ও আর্থিক খাতে নারী কর্মী কমেছে: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা কমেছে। গত ছয় মাসে ব্যাংক খাতে নারী কর্মী কমেছে ৭২১ জন। আর্থিক প্রতিষ্ঠানে ৪৯ নারী কর্মী কমেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যাংক ও আর্থিক খাতের নারী-পুরুষ সমতা বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুন শেষে ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৭৮২। তবে গত ডিসেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬১ জনে। একই সময়ে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা ১ হাজার ৬৮ জন থেকে কমে ১ হাজার ১৯ জনে নেমেছে।

৬১টি ব্যাংক ও ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বর শেষে ব্যাংক ও আর্থিক খাতে মোট কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ১৮ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ কর্মী ১ লাখ ৮২ হাজার ৪০৭ জন এবং নারী কর্মী ৩৬ হাজার ৮০ জন। সে হিসেবে এই খাতে মোট কর্মীর প্রায় সাড়ে ১৬ শতাংশ নারী।

খাতসংশ্লিষ্টদের মতে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংকটে থাকা কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একীভূতকরণ এবং বন্ধের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে কিছু প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই এবং স্বেচ্ছায় চাকরি ছাড়ার ঘটনা ঘটেছে, যার প্রভাব নারী কর্মীদের ওপরও পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক ও আর্থিক খাতে কর্মরত নারীদের বড় অংশই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কাজ করেন। গত বছরের শেষে এসব ব্যাংকে নারী কর্মীর সংখ্যা ছিল ২২ হাজার ৯৮৩ জন। এছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে ৯ হাজার ১৪৭ জন, বিশেষায়িত ব্যাংকে ১ হাজার ৯৪৭ জন এবং বিদেশি ব্যাংকে ৯৮৪ জন নারী কর্মরত ছিলেন।

তবে পদভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক খাতে উচ্চপর্যায়ের পদে নারীর উপস্থিতি তুলনামূলকভাবে কম। এ স্তরে নারী কর্মীর হার মাত্র ১০ দশমিক ৩৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে নীতিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button