Uncategorized

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদরে স্বামীকে গাছে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার পাকুল্লা এলাকার ফারুক হোসেন (৩০), মনসুর আলী (২৭) ও ফেরদৌস হোসেন (২২)। তিন আসামির সবাই পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০২৩ সালের ১৯ জুলাই বিকালে ওই গৃহবধূ ও তার স্বামী ব্যবসায়িক কাজে সদর উপজেলার রশিদপুর চৌরাস্তা এলাকার একটি বাড়ি যান। সেখান থেকে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তিন জন তাদের গতি রোধ করে। তারা গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পরদিন ওই গৃহবধূ নিজে বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। শুনানি শেষে আজ তাদের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি ফজলুল হক বলেন, ‌‘ভুক্তভোগী গৃহবধূসহ চার জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এতে অভিযোগটি প্রমাণিত হয়েছে। দুপুরে আসামিদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অন্য আরেকটি ধারায় মৃত্যুদণ্ড দেন আদালত। এ ছাড়া সব আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন মো. জাহাঙ্গীর আলম।

 




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button