এবার ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা, নিয়ে গেছে পিস্তল

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন লুৎফর রহমান নামে পুলিশের একজন দায়িত্বরত কর্মকর্তা। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার সরকারি পিস্তল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
সোমবার (৯ মার্চ) সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি।
আক্রান্ত লুৎফর রহমান নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে এএসআই পদে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বাংলা ট্রিবিউন কে বলেন, সকালে টহল টিমে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মন্ডলপাড়া ব্রিজের দিকে দায়িত্ব পালন করছিল। দায়িত্ব পালনকালে নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে নিজের মোটরসাইকেল ছিল। পথে তিন জন ছিনতাইকারী তার পথরোধ করে এবং চাপাতি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। তিনি সরে গেলে চাপাতি আঘাত থেকে বেঁচে যান। পরে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। এ ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন।
তিনি আরও বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।



