উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪-এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
বাউবির ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামানখান জানান, ‘ছয়টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন। পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ২ লাখ ২০ হাজার ২১৪ জন। চূড়ান্ত পরীক্ষায় ৪০ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২৭ হাজার ০৮ জন উত্তীর্ণ হন। পাসের হার শতকরা ৬৬ দশমিক ৭৩ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৬৬৭ জন ছাত্র এবং ১২ হাজার ৩৪১ জন ছাত্রী।’
তিনি জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে একজন ‘অ-’, ১৭০ জন ‘ই+’, ২ হাজার ৬৭১ জন ‘ই’, ৮ হাজার ৭৬০ জন ‘ই-’, ১০ হাজার ৪২ জন ‘ঈ+’, ৪ হাজার ৭৭৩ জন ‘ঈ’ এবং ৫৯১ জন ‘ঈ-’ গ্রেডে উত্তীর্ণ হন। ফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফল পাওয়া যাবে।



